ঢাকা | জুন ২৮, ২০২৬ - ৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই সফরে বিভাগীয় কমিশনারের কেপিএম মিল পরিদর্শন

  • আপডেট: Sunday, June 28, 2026 - 12:34 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন রবিবার (২৮ জুন) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শন করেন। সকাল ১০টায় তিনি মিলে পৌঁছে উৎপাদন বিভাগের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদ উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উৎপাদন বিভাগের প্রধান মাইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাসেম রনি, এফআর বিভাগের বিভাগীয় প্রধান আলী আহমেদ, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাকসহ মিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে বিভাগীয় কমিশনার কেপিএম গেস্ট হাউসে পৌঁছালে মিলের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ প্রজেক্ট উপস্থাপনার মাধ্যমে কেপিএম মিলের সার্বিক কার্যক্রম, উৎপাদন পরিস্থিতি এবং বর্তমান অবস্থা তুলে ধরেন।

এদিকে কাপ্তাই সফরের অংশ হিসেবে বিভাগীয় কমিশনার সকালে উপজেলা সদরে পৌঁছালে গেস্ট হাউস প্রাঙ্গণে কাপ্তাই থানার একটি চৌকস পুলিশ দল তাঁকে আনুষ্ঠানিক সালাম প্রদান করে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।