কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের প্রিয়ন্তী বড়ুয়া বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশনপ্রাপ্ত
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে কমিশনপ্রাপ্ত হলেন কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থী প্রিয়ন্তী বড়ুয়া (প্রিয়ানা)। তিনি লেফটেন্যান্ট পদে র্যাংক পরিধান করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে কমিশনিং অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অনুষ্ঠানে নবীন কমিশন্ড অফিসারদের র্যাংক পরিধান করানো হয়।
প্রিয়ন্তী বড়ুয়া কাপ্তাই উপজেলার বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক জয়সীম বড়ুয়ার কনিষ্ঠ কন্যা। তাঁর মায়ের নাম অঞ্জলী বড়ুয়া। পরিবারটি বর্তমানে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের নালন্দা বিহার এলাকার বাসিন্দা হলেও তাঁদের আদি নিবাস রাউজান উপজেলার পশ্চিম আধাঁরমানিক গ্রাম।
তিনি ২০২৩ সালে ক্যাডেট অফিসার হিসেবে ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে যোগদান করেন এবং প্রায় তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন। Bangladesh Army-এর অধীনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের মাধ্যমে তিনি কমিশনপ্রাপ্ত হন।
প্রসঙ্গত, প্রিয়ন্তী বড়ুয়া ২০১৯ সালে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ২০২১ সালে একই প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পড়াশোনার পাশাপাশি তিনি সংগীত ও নৃত্যশিল্পী হিসেবে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে অংশ নিয়ে প্রশংসা অর্জন করেন।
নবীন এই অফিসারের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার মো. আলিফ উল্লাহ (শিক্ষা), বিএন, উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী, মোরশেদুল আলম কাদেরী, খোরশেদুল আলম কাদেরীসহ কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।











