উৎসবমুখর পরিবেশে কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যবসার প্রাণকেন্দ্র নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ চলে। রাত সাড়ে ১১টায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল দে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ২২৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. জয়নাল আবেদীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের আলহাজ আবদুল আলীম কালাম পেয়েছেন ২২৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে বাঘ প্রতীক নিয়ে ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. করিম উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়ালঘড়ি প্রতীকের মোফাজ্জল হোসেন স্বপন পেয়েছেন ১৪৮ ভোট এবং হারিকেন প্রতীকের মো. তরিক উল্লাহ পেয়েছেন ১৩৪ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গোলাপ ফুল প্রতীকের মিন্টু চন্দ্র শীল (২০৩ ভোট) এবং মোবাইল প্রতীকের হাবিবুল ইসলাম শিপু (১৯৫ ভোট)। সহ-সম্পাদক পদে চশমা প্রতীক নিয়ে মো. ইউসুফ (২৪০ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে কলসি প্রতীক নিয়ে মো. কুতুবউদ্দিন (২২৩ ভোট) এবং অর্থ সম্পাদক পদে হাতপাখা প্রতীক নিয়ে মো. হেলাল উদ্দিন (৩১৭ ভোট) বিজয়ী হয়েছেন।
কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ডাব প্রতীকের শরীফ হোসেন (৩৩৬ ভোট), হাতি প্রতীকের মোহাম্মদ আব্দুল শুক্কুর (৩২৭ ভোট), প্রজাপতি প্রতীকের মোহাম্মদ বায়েজিদ হোসেন (৩২০ ভোট), মাইক প্রতীকের মো. বেলাল হোসেন মানিক (২৮৫ ভোট) এবং আম প্রতীকের মো. বাদশা মিয়া (২৬৪ ভোট)।
সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্যবসায়ীরা ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
ভোট দিতে আসা ব্যবসায়ী কামাল হাকিম ও মো. নেছার উদ্দিন জানান, নির্বাচন অত্যন্ত উৎসবমুখর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তারা এমন সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
নতুন বাজার বণিক কল্যাণ সমিতির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, সমিতির মোট ভোটার ছিলেন ৫০২ জন। ১২টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল দে এবং সদস্য মাস্টার মো. ইউসুফ বলেন, সকাল ৯টা থেকে সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ শুরু হয় এবং দিনব্যাপী কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।
ছবির ক্যাপশন: কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. করিম উদ্দিন।











