ঢাকা | জুন ২৯, ২০২৬ - ১২:১২ পূর্বাহ্ন

ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি চালুর দাবি এমপি লুৎফুর রহমান কাজলের

  • আপডেট: Sunday, June 28, 2026 - 8:58 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

 

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালুর আবেদন জানানো হয়েছে। কক্সবাজার-৩ (ঈদগাঁও, সদর ও রামু) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনপত্রটির ডায়েরি নম্বর-৩১ এবং তারিখ ২৪ জুন ২০২৬। আবেদনের পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

আবেদনে সংসদ সদস্য উল্লেখ করেন, ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন একটি জনবহুল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এ অঞ্চল চিংড়ি ও লবণ চাষের জন্য সুপরিচিত। এছাড়া বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিক দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি বৈদেশিক মুদ্রা প্রেরণ করে থাকেন। ইসলামাবাদের নিকটবর্তী ইসলামপুর লবণ শিল্প এলাকা এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র।

 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, পূর্বে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লোকাল ট্রেন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিত। এতে স্থানীয় জনগণ সরাসরি উপকৃত হতেন। তবে অজ্ঞাত কারণে স্টেশনটিতে যাত্রা বিরতি বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ জনগণ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ে সম্ভাব্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।

 

জনস্বার্থ ও রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির বিষয় বিবেচনায় নিয়ে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার রুটের লোকাল ট্রেন এবং উপযুক্ত ঢাকাগামী ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালুর জন্য প্রতিমন্ত্রীর সদয় হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। একই সঙ্গে বিষয়টি বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।