অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের জয়ের পর মাশরাফির আবেগঘন স্ট্যাটাস
স্পোর্টস ডেস্ক।। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে জয় দেশের ক্রিকেটে নতুন করে উচ্ছ্বাসের জন্ম দিয়েছে। দীর্ঘ ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারানোর এই সাফল্য স্মরণ করিয়ে দিয়েছে ২০০৫ সালের কার্ডিফের সেই ঐতিহাসিক জয়কে। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সেই স্মৃতির কথা তুলে ধরেছেন এবং বর্তমান দলের এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নিশ্চিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন- কার্ডিফের সেই জয় এখনও দোলা দেয় আমাদের। তবে সময় এখন নতুন ইতিহাসের। ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে জয়। অভিনন্দন বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে ২০০৫ সালের ১৮ জুনের কার্ডিফ জয় বিশেষ গুরুত্ব বহন করে। ন্যাটওয়েস্ট সিরিজে হাবিবুল বাশারের নেতৃত্বে বাংলাদেশ শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে পরাজিত করে বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই ম্যাচটি এখনও দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় সাফল্য হিসেবে বিবেচিত হয়।
এবারের জয়ও বাংলাদেশের ক্রিকেটে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারানোয় ক্রিকেটাঙ্গনে আনন্দের আবহ বিরাজ করছে। অনেকের মতে, এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে বাংলাদেশ দলকে আত্মবিশ্বাস জোগাবে। মাশরাফির বার্তাও সেই গর্ব ও আনন্দের অনুভূতিকেই আরও দৃঢ়ভাবে প্রকাশ করেছে।











