৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট, সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি
ডেস্ক রিপোর্ট।। আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনি এলাকায় আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সম্প্রতি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদের ৪১ নম্বর (বগুড়া-৬) ও ১৪৫ নম্বর (শেরপুর-৩) শূন্য আসনে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় এই সাধারণ ছুটি কার্যকর থাকবে। ওইদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এদিকে, নির্বাচনের আগেই শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মারা যাওয়ায় ১২ ফেব্রুয়ারি ওই আসনের ভোট স্থগিত করা হয়। ফলে শূন্য এই দুই আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।











