ঢাকা | মার্চ ২৫, ২০২৬ - ৮:৫৬ অপরাহ্ন

শিরোনাম

২৪ ঘণ্টার মধ্যে ‘নবীন ফ্যাশন’ খোলার নির্দেশ, ওসিকে তলব

  • আপডেট: Wednesday, March 25, 2026 - 5:23 pm

আদালত প্রতিবেদক।। রাজধানীর মগবাজার এলাকায় আলোচিত পাঞ্জাবির দোকান ‘নবীন ফ্যাশন’ বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন আদালত। একইসঙ্গে দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দেওয়ার জন্যও ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক জাস্টিস অব পিস হিসেবে স্বপ্রণোদিত হয়ে আদালত এ আদেশ দেন বলে জানান ওই আদালতের আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. মিছবাহ উদ্দিন মনির৷

আদেশে বলা হয়েছে, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে দেখা যায়- মগবাজারের বিশাল সেন্টার মার্কেটের ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়।

ঘটনাস্থলে কিছু ব্যক্তিকে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেলেও পাশে থাকা পুলিশ সদস্যদের নির্লিপ্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আদালত বলেন, পুলিশের এমন নির্লিপ্ততা জনমনে ভীতি সৃষ্টি করতে পারে। কেন এ ধরনের আচরণ আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী হিসেবে ঘোষণা করা হবে না- হাতিরঝিল থানার ওসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

এছাড়া ‘নবীন’ ব্র্যান্ডের পাঞ্জাবির দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দেওয়ার জন্যও ওসিকে নির্দেশ দেন বিচারক।

একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ঈদুল ফিতরের আগের দিন গত ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর দোকান বন্ধ করে দেয়।

কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেওয়ার’ সঙ্গে তুলনা করে আপত্তি জানান প্রতিবেশী দোকানদাররা।

এ সময় পুলিশের উপস্থিতিও দেখা গেছে।