সৃজনশীল চর্চাকে বেগবান করার লক্ষ্যে আর্ট ক্লাব বিডি লিঃ এর আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক।।
চট্টগ্রামসহ সারা বাংলাদেশের চারুশিল্পী, আবৃত্তিশিল্পী, নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী এবং শিল্পানুরাগীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ভিন্নধর্মী প্ল্যাটফর্ম আর্ট ক্লাব বিডি লিঃ-এর আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরীর আমবাগানস্থ এ. কে. খান গ্রুপের কর্পোরেট অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট এ. কে. খান গ্রুপ অব কোম্পানির কর্ণধার, বনেদি শিল্পানুরাগী এ. কে. শামসুদ্দিন খান বলেন, দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে শিল্পী ও শিল্পানুরাগীদের একটি পৃথক গুরুত্ব থাকা উচিত। বিশ্বের বিভিন্ন দেশে শিল্পীদের যে কদর দেখা যায়, তা আমাদের দেশে নেই বললেই চলে। অথচ দেশের ক্রান্তিকালে সর্বাগ্রে এগিয়ে আসেন শিল্পী সমাজ। তাঁদের আর্থিক দৈন্যতা থাকলেও মননের ঋজু বলিষ্ঠতা দিয়ে সমাজ-রাষ্ট্রকে সঠিক পথ দেখাতে পারেন।
তিনি আরও বলেন, শিল্প ও সংস্কৃতির সকল শাখার মানুষদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি এবং সৃজনশীল চর্চাকে বেগবান করার অভিপ্রায়ে আমাদের এই উদ্যোগ। দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে আর্ট ক্লাব বিডি লিঃ সবার সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
আর্ট ক্লাব বিডি লিঃ-এর এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ফাউন্ডার ভাইস প্রেসিডেন্ট চারুশিল্পী কাজী সুজা উদ্দিন আহমেদ, বোর্ড অব ডিরেক্টর ভাস্কর শিল্পী অলক রায়, শিল্পী স্বপন আচার্য, শিল্পী মোস্তফা আরশাদ তারু, শিল্পী লক্ষ্মী ধর, শিল্পী সিমা ইসলাম, শিল্পী শায়েলা শারমিন, শিল্পী সুফিয়া বেগম, শিল্পী তসলিমা আকতার বাঁধন, শিল্পী শুভশ্রী গুঞ্জন, শিল্পী মোসলেহ উদ্দিন খান, সংগঠক এ. কে. এম. আসাদুজ্জামান, আবৃত্তিশিল্পী ফারুক তাহের, চারুশিল্পী সনজিৎ রায়, চারুশিল্পী মো. ফজলে রাব্বি।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে মতামত ব্যক্ত করেন দৈনিক দেশ বর্তমানের প্রধান সম্পাদক ফারুক ইকবাল, সিনিয়র সাংবাদিক শাহরিয়ার হাসান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান নাজমুল আলিম সাদেকী, প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান সুবল বড়ুয়া, ফটো সাংবাদিক সোহেল সরওয়ার, রেজাউল করিম, রুমের চৌধুরী, শওকত হোসেন, জুয়েল শীল প্রমুখ।











