ঢাকা | মার্চ ১৭, ২০২৬ - ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলে উদ্ধার

  • আপডেট: Tuesday, March 17, 2026 - 7:25 pm

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।। সুন্দরবনের গহীন অরণ্যে দস্যু নানা ভাই বাহিনীর কবল থেকে ৬ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) ভোরে শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের মুক্ত করা হয়।

অভিযানের সময় ডাকাতরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মিদের রেখে বনের গভীরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গত ৭ মার্চ (শনিবার) ৬ জন জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে নানা ভাই বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে নিয়ে যায়। তারা জিম্মি করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালাচ্ছিল। পরে মো. কবির নামে এক ব্যক্তি তার ভাইকে ১০ দিন ধরে জিম্মি রেখে মুক্তিপণ দাবির বিষয়টি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর অবহিত করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা মঙ্গলবার ভোর ৫টায় অভিযান শুরু করেন। অভিযানে জিম্মি ৬ জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া জেলেরা হলেন— রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) — খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮) — সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।

উদ্ধার জেলেদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সহায়তা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা ও বনজীবীদের সুরক্ষায় কোস্ট গার্ড সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় স্থানীয় জেলে সম্প্রদায়ের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা কোস্ট গার্ডের দ্রুত ও সফল অভিযানের প্রশংসা করেছেন।