ঢাকা | এপ্রিল ৫, ২০২৬ - ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, তিন জিম্মি জেলে উদ্ধার

  • আপডেট: Friday, April 3, 2026 - 11:06 pm

মোংলা প্রতিনিধি।। সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। একইসঙ্গে বনদস্যু জোনাব বাহিনীর কাছে জিম্মি থাকা তিন জেলেকে উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার ভোর ৬টায় পৃথক অভিযানে তাদের আটক ও উদ্ধার করে কোস্ট গার্ড।

এদিন বিকেলে কোস্টকোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনী খুলনার দাকোপের বাইনতলা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টায় কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাতদের ধাওয়া করে ২টি একনালা বন্দুক, ২৩ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা গুলি, ৫ পিস ইয়াবা ও নগদ ১,১০০ টাকাসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর ২ জন সদস্যকে আটক করে। একইসঙ্গে তাদের আস্তানা ধ্বংস করা হয়।

আটক দুইজন হলেন-   বাগেরহাটের শরণখোলার মো. সোহাগ হাওলাদার (৩৫) এবং খুলনার পাইকগাছা এলাকার বাবুল সানা (৪২)। এরা দীর্ঘদিন যাবৎ ছোট জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল।

অন্যদিকে আরও একটি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গত মঙ্গলবার সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগরের হোগলডরা খাল সংলগ্ন এলাকা হতে ১টি নৌকাসহ ৩ জন জেলেকে জিম্মি করে মুক্তিপন দাবি করছে। প্রাপ্ত এমন তথ্যের ভিত্তিতে, ওই এলাকায় গত ১ এপ্রিল সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা থেকে ডাকাতদের কাছে জিম্মি থাকা ১টি নৌকাসহ ৩ জন জেলে এবং ডাকাতদের ব্যবহৃত ১টি নৌকা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি ওয়াকিটকি চার্জার, ৩টি মোবাইল ব্যাটারি ও ১টি কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫) সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা।

আটক ডাকাত, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত দেড় বছরে কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে কুখ্যাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন ডাকাত সদস্য আটক করা হয়েছে। অভিযানগুলোতে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলা, ৩০৮ রাউন্ড ফাঁকা গোলা ও ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ এবং দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।