সিরাজগঞ্জে ফিলিং স্টেশনে হামলা, গ্যাস সরবরাহ বন্ধ
সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে জেলা শহরের একমাত্র ফিলিং স্টেশনটি বন্ধ থাকায় সিএনজি চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। গ্যাস না পাওয়ায় চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে মহাসড়কে সিএনজিচালিত যানবাহনের চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ ও সদর থানার ওসি মো. শহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাম্প কর্তৃপক্ষ জানায়, জাতীয় সংসদ নির্বাচনের (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি দল মুখে গামছা বেঁধে ফিলিং স্টেশনে প্রবেশ করে। এরপর তারা স্থাপনা ও যন্ত্রাংশে ভাঙচুর চালিয়ে দ্রুত সরে যায়। এতে গ্যাস সরবরাহ ব্যবস্থার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
গ্যাস পাম্পের কর্মচারী ও মেশিন অপারেটর ইনচার্জ মো. শামীম বলেন, রাতের আঁধারে ১০ থেকে ১২ জনের একটি দল পাম্পে ঢুকে হঠাৎ হামলা চালায়। বিভিন্ন স্থাপনা ও যন্ত্রাংশে ভাঙচুর করে দ্রুত চলে যায়।
গেটম্যান আক্তার হোসেন বলেন, আমি ওই সময়ে ছুটিতে ছিলাম।আজ শনিবার এসে দেখি এ অবস্থা। সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে।
সিএনজি চালক মো. শরীফ বলেন, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গাড়ি চালাতে পারছি না। এসে শুনি পাম্পে হামলা হয়েছে।
ঘটনার পর জনদুর্ভোগের বিষয়টি পরিদর্শনে যান সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, আমরা মালিক পক্ষের সঙ্গে বসেছি এবং প্রশাসনের সঙ্গে কথা বলেছি। দোষীদের বিচারের আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুত সেবা চালুর বিষয়ে আমরা সচেষ্ট আছি।
পাম্পের শিফট ইনচার্জ মো. কিরণ বলেন, এখনো মামলা করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে নাম জানতে চাওয়া হয়েছে, তবে সিসিটিভি ফুটেজ আছে কিন্তু কারও মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না।
ঘটনাস্থল পরিদর্শন করলেও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।











