ঢাকা | মার্চ ৬, ২০২৬ - ১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আব্দুল্লাহর নিঃশর্ত দুঃখপ্রকাশ

  • আপডেট: Thursday, March 5, 2026 - 10:35 pm

নিজস্ব প্রতিবেদক।। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিএনপির এক সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার ঘটনায় নিঃশর্ত দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিঃশর্ত দুঃখপ্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে। উল্লেখ্য, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি আমাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে—তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।

ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা।

আমার কাজের জন্য আমি আবারো দুঃখপ্রকাশ করছি।