ঢাকা | মার্চ ৩, ২০২৬ - ৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম

সবার আগে বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর

  • আপডেট: Tuesday, March 3, 2026 - 4:51 pm

রাঙ্গামাটি প্রতিনিধি।।
‘সবার আগে বাংলাদেশ। সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে’—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতা—যা জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নেয়।
সোমবার (০২ মার্চ) রাঙ্গামাটি শহরের বনরূপায় জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা আয়োজিত ‘পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে রমজান মাসে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়ন ও শান্তির ধারাবাহিকতা বজায় রাখতে হলে বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও বিশ্বের সকল মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আব্দুল আলীমের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো এবং রাঙ্গামাটি জেলা জেএসএস সভাপতি গঙ্গা মানিক। এছাড়াও এবি পার্টি এবং রাঙ্গামাটি প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন।