সংসদ নির্বাচন উপলক্ষে সুন্দরবন উপকূলে কোস্ট গার্ড মোতায়েন
স্টাফ রিপোর্টার, মোংলা।। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে সুন্দরবন উপকূলের ৫৬টি ভোটকেন্দ্রে বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ, নিয়মিত টহল এবং অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটের পরিবেশ নিশ্চিত করতে কাজ শুরু করেছে বাহিনীটি।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর (মোংলা) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে আসছে এবং জনগণের জানমাল রক্ষায় নিয়মিত অভিযানের মাধ্যমে উপকূলবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে বাহিনীটি বদ্ধপরিকর বলে জানানো হয়।
এ লক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বাধীন উপকূলীয় ও নদীতীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকার ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড।
এর ধারাবাহিকতায় পশ্চিম জোনের আওতাধীন খুলনা-১ ও খুলনা-৬ আসনের দাকোপ ও কয়রা উপজেলার ১১টি ইউনিয়নের ৫৬টি ভোটকেন্দ্রে কোস্ট গার্ড সদস্যরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।











