শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন
শেরপুর প্রতিনিধি।। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ১১ দলীয় জোটের সমর্থিত ও জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন।
জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জানায়, আলহাজ্ব নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনকে সামনে রেখে তিনি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে প্রতিদিন ডায়ালাইসিস করতেন। কিন্তু শবে বরাত রাতে সমস্যা বেড়ে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেন।
মৃত্যুকালে আলহাজ্ব নুরুজ্জামান বাদল নবম শ্রেণি পড়ুয়া ছেলে নাজমুস সাকিবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহল, শিক্ষক সমাজ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











