ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

লামায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত

  • আপডেট: Sunday, March 8, 2026 - 7:25 pm

লামা (বান্দরবান) প্রতিনিধি।।

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ১০টায় লামা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমতার পথে অনেক অগ্রগতি হলেও এখনো সমাজের অসংখ্য নারী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাই শুধু দিবস উদযাপন করলেই হবে না, প্রয়োজন বাস্তব পরিবর্তন নিশ্চিত করা। তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস শতবর্ষেরও বেশি পুরোনো। ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রে নারী শ্রমিকরা কর্মঘণ্টা কমানো, ন্যায্য মজুরি ও ভোটাধিকারের দাবিতে আন্দোলন শুরু করেন। পরবর্তীতে ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলনে নারী দিবস পালনের প্রস্তাব উত্থাপিত হয় এবং ১৯১১ সালে প্রথমবারের মতো কয়েকটি দেশে দিবসটি উদযাপিত হয়।
বক্তারা আরও বলেন, নারীর অগ্রগতি মানে শুধু নারীর উন্নয়ন নয়, বরং পুরো সমাজের অগ্রগতি। পরিবারে দায়িত্বের সমান বণ্টন, কর্মক্ষেত্রে বৈষম্যহীন পরিবেশ এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। ছেলে ও মেয়েকে সমানভাবে বড় করে তোলা এবং তাদের স্বপ্ন দেখতে উৎসাহিত করার মধ্য দিয়েই পরিবর্তনের সূচনা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোলেমান, উপজেলা কৃষি অফিসার মো. রাশেদুল ইসলাম, জাতিসংঘের ইউএনডিপি (বান্দরবান) নারী প্রতিনিধি সামিউল হক, উপজেলা বিএনপি নেতা মো. আবদু রব, জেলা বিএনপির নেতা ও সাবেক মেয়র আমির হোসেন, একতা এনজিওর নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, লামা থানার সাব-ইন্সপেক্টর সালাউদ্দিন, বিএনপি নেত্রী জোসনা বেগম ও শরাবান তোহুরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।