ঢাকা | এপ্রিল ৩, ২০২৬ - ৭:১১ অপরাহ্ন

শিরোনাম

লক্ষ্মীপুরে ৯ জেলেসহ ১৬ জন নিখোঁজ, ১৩ দিনেও মিলেনি খোঁজ

  • আপডেট: Friday, April 3, 2026 - 3:43 pm

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের রামগতির ৯ জনসহ মোট ১৬ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ১৩ দিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে জেলে পরিবারের সদস্যদের।

স্বজনদের দাবি, কক্সবাজারের উখিয়া সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার জলসীমা থেকে তাদের মিয়ানমার কোস্টগার্ড আটক করে নিয়ে গেছে।

জানা গেছে, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৯ জন, নোয়াখালীর ৩ জন, চট্টগ্রামের ৩ জন এবং ভোলার ১ জনসহ ১৬ জেলে গত ২২ মার্চ ‘মা-বাবার দোয়া’ নামের একটি ট্রলার নিয়ে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হন।

এর ছয় দিন পর, গত ২৮ মার্চ পরিবারের সঙ্গে জেলেদের সর্বশেষ মুঠোফোনে কথা হয়। তখন তারা জানান, মিয়ানমার কোস্টগার্ড তাদের আটক করেছে এবং তারা খাদ্যসংকট ও অমানবিক পরিস্থিতির মধ্যে রয়েছেন। এরপর থেকেই তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সকালে রামগতির চরপোড়াগাছা জেলে পল্লীতে গিয়ে দেখা যায়, নিখোঁজদের স্বজনদের মধ্যে শোক ও উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে। প্রিয়জনদের ফেরার অপেক্ষায় নদীর তীরে তাকিয়ে আছেন বাবা-মা, স্ত্রী ও সন্তানরা। অনেকেই বিলাপ করছেন, কেউ হাতে ধরে আছেন স্বজনদের ছবি।

স্থানীয়রা জানান, প্রতিটি পরিবারের ৫ থেকে ৭ জন সদস্য এসব জেলেদের আয়ের ওপর নির্ভরশীল। উপার্জনক্ষম ব্যক্তিরা নিখোঁজ থাকায় অনেক পরিবারে চুলা জ্বলছে না।

ট্রলার মালিকপক্ষ জানিয়েছে, নিখোঁজ জেলেদের উদ্ধারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। জেলেদের ফিরিয়ে আনতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

স্থানীয় সমাজকর্মী মো. রাসেল উদ্দিন বলেন, ট্রলার মালিক ও প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। জেলেদের দ্রুত উদ্ধারে কূটনৈতিক ও আইনি উদ্যোগ জোরদারের দাবি জানান তিনি।

এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা বলেন, ‘বিষয়টি আমাদের জানা আছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।’

নিখোঁজ জেলেদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। প্রিয়জনদের সুস্থভাবে ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন স্বজনরা।