লংগদু উপজেলায় ওয়ামির মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্সের উদ্বোধন
লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।
রাঙ্গামাটির লংগদু উপজেলায় ওয়ামি (ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ) এর উদ্যোগে স্থাপিত মসজিদ-মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল দশটায় পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় ওয়ামির স্থাপিত প্রতিষ্ঠানের মাঠে ওয়ামির উপজেলা প্রতিনিধি আব্দুল জব্বারের সঞ্চালনায় এবং ওয়ামির জেলা প্রতিনিধি, লংগদু উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট হারুনুর রশিদের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠান পরিচালনা করা হয়।
একই সঙ্গে একই দিনে আটারকছড়া ইউনিয়নের ডানে আটারকছড়া এলাকায় ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথের উদ্যোগে মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্সের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ামি (ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ) এর পরিচালক ড. হৃদুওয়ানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সেন্টার রাঙ্গামাটির চেয়ারম্যান মোখতার আহমদ, ইসলামিক সেন্টারের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, লংগদু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীনসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন, সারা বাংলাদেশের ন্যায় পাহাড়ি জনপদেও ধর্মীয় জ্ঞান প্রসারে কাজ করে যাচ্ছেন ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ। অত্র এলাকার সাধারণ মানুষ এবং শিশুদের জন্য এই প্রতিষ্ঠান। সকলের সহযোগিতায় ধর্মীয় আলোয় আলোকিত হবে অত্র এলাকা।











