রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে পার্বত্য রাজস্থলীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রণজয়ী ৩৮ বীর-এর উদ্যোগে একটি নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজস্থলী সাব জোনে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী সাব জোনের আয়োজিত সভায় নির্বাচনকালীন সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহে নিরাপত্তা জোরদার করা, টহল কার্যক্রম বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনের সময় সকল সংস্থার মধ্যে সমন্বিত কার্যক্রম ও তথ্য আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় রাজস্থলী সাব জোন কমান্ডার ও কাপ্তাই জোনের জোন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান বলেন, নির্বাচনের সময় পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও আস্থার পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল নিরাপত্তা সংস্থাকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে যেকোনো ধরনের গুজব, নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিরোধে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় আরও জানানো হয় যে, সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ভোটকেন্দ্রে সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হবে এবং প্রয়োজনে পোলিং সেন্টার এলাকায় অবস্থান করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদান করা হবে। মেজর জিয়া আরও বলেন, ভোট শুরু থেকে শেষ পর্যন্ত প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ যারা জড়িত থাকবেন, তাদের সবাইকে নিরাপত্তা প্রদানসহ সকল প্রকার সুবিধা প্রদান করা হবে।
সভায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা, সাংবাদিক এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে।











