ঢাকা | জুন ১৮, ২০২৬ - ৭:১০ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে বিষপানে এক যুবকের মৃত্যু

  • আপডেট: Thursday, June 18, 2026 - 4:48 pm

রাজস্থলী সংবাদদাতা:

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে বিষপানে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে।

মৃত যুবকের নাম রিংকন বড়ুয়া (২৬)। তিনি রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ব্রংদং পাড়ার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিলন বড়ুয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, রিংকন বড়ুয়া চট্টগ্রামের একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ জুন) রাতে বাড়িতে রাখা মদের বোতল মনে করে ভুলবশত জমিতে ঘাস নিধনের ওষুধ পান করেন রিংকন। পরে বিষয়টি বুঝতে পেরে মুখ থেকে বিষ ফেলে দেওয়ার চেষ্টা করলেও কিছু অংশ পেটে চলে যায়।

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অবস্থার অবনতি হলে এলাকাবাসী ও আত্মীয়স্বজন তাকে দ্রুত চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন।

পরবর্তীতে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে রিংকন বড়ুয়ার মৃত্যু হয়।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকের হোসেন জানান, মরদেহ বর্তমানে চট্টগ্রাম সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ বাড়িতে নিয়ে এসে ধর্মীয় নিয়ম অনুযায়ী দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।