রাজধানীর বাড্ডায় খেলার সময় দেয়ালচাপায় দুই শিশুর মৃত্যু
ঢামেক সংবাদদাতা।। রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় দেয়ালচাপায় দুই শিশু বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেন এলাকায় রাস্তার পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা মনি (১০) ও নুসরাত (১২) কুমিল্লার বড়ুয়া এলাকার মো. ইকবালের মেয়ে।
জানা যায়, দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
শিশুদের বাবা মো. ইকবাল জানান, খেলা করার সময় হঠাৎ পাশের একটি দেয়াল ভেঙে পড়ে। এতে তার দুই মেয়ে দেয়ালের নিচে চাপা পড়ে। তিনি ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে বলেন, দুই শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।











