ঢাকা | ফেব্রুয়ারী ৪, ২০২৬ - ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম

রাঙামাটিতে গণঅধিকার পরিষদের প্রার্থী এম এ বাসারের গণসংযোগে জনসমাগম

  • আপডেট: Wednesday, February 4, 2026 - 7:14 pm

রাঙামাটি প্রতিনিধি।
রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে পাহাড়ি জনপদের স্বাস্থ্য, যোগাযোগ ও বিদ্যুৎ সংকট নিরসনে বাস্তবভিত্তিক উন্নয়ন কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম এ বাসার।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বরকল উপজেলার বরকল বাজারে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
এম এ বাসার বলেন, নির্বাচিত হলে দুর্গম বরকল উপজেলার ভূষণছড়া, হরিণা ও বরকলের প্রত্যন্ত এলাকাসহ শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হবে। এর মাধ্যমে পাহাড়ি অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ হবে এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নত হবে।
তিনি আরও বলেন, হ্রদবেষ্টিত ও পাহাড়ঘেরা বরকল অঞ্চলে অসুস্থ রোগী পরিবহনে বর্তমানে নৌপথই একমাত্র ভরসা। জরুরি মুহূর্তে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে দ্রুত রোগী হাসপাতালে নেওয়া সম্ভব হবে এবং বহু প্রাণহানি রোধ করা যাবে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রসঙ্গে তিনি জানান, হরিণা থেকে বরকল সদর পর্যন্ত একটি নতুন ও মানসম্মত সড়ক নির্মাণ করা হবে। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং পাহাড়ি মানুষের জীবনমান উন্নত হবে।
প্রচারকালে এম এ বাসার স্থানীয় ব্যবসায়ী, সাধারণ ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় স্থানীয়রা দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও বিদ্যুৎ সংকটের কথা তুলে ধরেন।
গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় দলটি আপসহীন। উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতি বাস্তবায়নে তারা এম এ বাসারের পক্ষে সর্বস্তরের জনসমর্থন প্রত্যাশা করেন।
নির্বাচনী প্রচারণায় বরকলবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। স্থানীয়রা দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেছেন।