ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৬ - ৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

রমজান উপলক্ষে বাঘাইছড়িতে বাজারে প্রশাসনের বিশেষ অভিযান

  • আপডেট: Sunday, February 22, 2026 - 8:00 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বাঘাইছড়ি উপজেলায় বিশেষ নজরদারি শুরু করেছে উপজেলা প্রশাসন। বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে মাঠপর্যায়ে কঠোর মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আজ রবিবার সকাল ১১:৩০টার দিকে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। অভিযানে চাল, ডাল, তেল, চিনি, গরুর মাংস ও সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের দোকানে সরেজমিন তদারকি করা হয়।
পরিদর্শনকালে কয়েকটি প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রসিদ সংরক্ষণ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকা এবং নিয়মিত হালনাগাদ মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে ইউএনও আমেনা মারজান জানান, রমজানকে কেন্দ্র করে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি করতে না পারে, সেজন্য নিয়মিত বাজার মনিটরিং চালু রাখা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।
তিনি আরও বলেন, জনস্বার্থ রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে পুরো রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাজার কমিটির নেতৃবৃন্দ সহযোগিতা করেন।