ঢাকা | মার্চ ৩১, ২০২৬ - ৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে লাগাতার হুমকি-ধামকি, থানায় জিডি

  • আপডেট: Tuesday, March 31, 2026 - 6:12 pm

নিজস্ব প্রতিবেদক।। লাগাতার হুমকি-ধামকি পাওয়ার অভিযোগ তুলে ঢাকার ডেমরা থানায় সাধারণ ডায়েরি করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

মঙ্গলবার সকালে অনলাইনে তিনি এ জিডি করেছে বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে মোজাম্মেল হক বলেন, “ঈদের আগে ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে অব্যাহতভাবে বিভিন্ন সংস্থা, মালিক ও শ্রমিক নেতাদের নামে আমাকে হুমকি দেওয়া হচ্ছে।”

অভিযোগে বলা হয়, বিগত দুই দশক ধরে দেশে যাত্রী নিরাপত্তা, দুর্ভোগ ও ভোগান্তি লাঘবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে মোজাম্মেল হক চৌধুরী মানুষের অধিকার নিয়ে কথা বলে আসছেন। বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে, পরিবহন মাফিয়ারাদের চাপে তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রী তাকে একাধিক মামলা দিয়েছেন, জেলে নিয়েছেন।

নতুন সরকারের সময়ে যাত্রী কল্যাণ সমিতির ধারাবাহিক কাজের অংশ হিসেবে রোজার ঈদে বাড়তি ভাড়া ও ঈদের পরে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত দুটি প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা পরিবহন মালিক, শ্রমিক ও নানামহল থেকে অব্যাহত হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এর আগে সোমবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে যাত্রীকল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলন করে প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি।

মোজাম্মেল হক মঙ্গলবার বিকালে বলেন, “সংবাদ সম্মেলন করে এলাকায় এলে দুপুরের পর থেকে কিছু লোকজন মাইক্রোবাস ও প্রাইভেটকারযোগে কিছু অচেনা লোকজন আমার গতিবিধি লক্ষ্য করছে। অফিস, বাসা, ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করেছে।”

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, এসব ব্যক্তি বিভিন্ন লোকজনের কাছে তার ও পরিবারের লোকজনের অবস্থান ও কর্মকাণ্ড সর্ম্পকে খোঁজ-খবর নিচ্ছে বলে জানতে পেরেছেন।

এ অবস্থায় নিজের জীবনের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মোজাম্মেল হক।

ডেমরা থানার এসআই মনিরুল ইসলাম বিকালে  বলেন, “উনি (মোজাম্মেল হক) আজকে জিডি করেছেন। আমরা খোঁজ-খবর নিয়েছি।

“উনার সঙ্গে সরাসরি কথা বলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”