ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ৮:০৫ অপরাহ্ন

শিরোনাম

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

  • আপডেট: Thursday, April 2, 2026 - 4:58 pm

মোংলা প্রতিনিধি।। মোংলা উপজেলায় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী। একইসঙ্গে এসব অভিযোগের প্রতিবাদ করায় মোংলা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. সজিব মিয়াশান্ত এবং যুবদল নেতা মো. মানিককে ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার ও জেল হাজতে পাঠানোর প্রতিবাদ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) মোংলা সরকারি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে মোংলা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে কিছু চিকিৎসকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। রোগীদের সঙ্গে অসদাচরণ, দরিদ্র রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো এবং বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের।

বক্তারা বলেন, “চিকিৎসা সেবার মান দিন দিন অবনতি হচ্ছে। সাধারণ মানুষ চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক সময় নির্ধারিত সময়ে চিকিৎসক পাওয়া যায় না, জরুরি সেবাতেও অবহেলা করা হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় মোঃ সজিব মিয়া শান্ত ও মো. মানিককে পরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। এটিকে তারা ‘অন্যায় ও নিন্দনীয়’ বলে অভিহিত করেন।

মানববন্ধন থেকে বক্তারা দাবি জানান, সজিব মিয়া শান্ত ও মানিকের নিঃশর্ত মুক্তি, অভিযুক্ত চিকিৎসকদের দ্রুত অপসারণ, দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান উন্নয়ন তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়ন এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর আহ্বান জানান।