মেশিন সরানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর; পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মু. আজিজ ফটিকছড়ি।।
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি চা-বাগানকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ চরমে পৌঁছেছে। বাগানের মেশিন অন্যত্র সরানোর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় বাগানের মহাব্যবস্থাপক (জিএম) ও ব্যবস্থাপকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এসময় বাগান কার্যালয় ও গাড়িতেও ভাঙচুর চালানো হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার হারুয়ালছড়ি এলাকার রাঙ্গাপানি চা কারখানার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটি বন্ধ থাকার পর সম্প্রতি বাগান কর্তৃপক্ষ মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। এতে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। শ্রমিকদের দাবি, বাগানের উৎপাদিত পাতা বাগানেই প্রক্রিয়াজাত করতে হবে এবং কোনো অবস্থাতেই মেশিন সরানো যাবে না।
এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সকালে বাগান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় বাগানের মহাব্যবস্থাপক কাজী মো. ইরফান উল্লাহ ও ব্যবস্থাপক উৎপল বিশ্বাস গাড়িযোগে ঘটনাস্থলে প্রবেশ করলে উত্তেজিত শ্রমিকরা তাদের উপর হামলা চালায়। এতে তারা আহতসহ মোট ৭ জন আহত হন।
পরে পঞ্চায়েত নেতারা ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং উভয় পক্ষের মধ্যে সাময়িক সমঝোতা হয়।
বাগানের পঞ্চায়েত সভাপতি নব কুমার ত্রিপুরা বলেন, “রাঙ্গাপানি চা-বাগান আমাদের জীবিকার একমাত্র উৎস। বাগানের মেশিন সরানোর চেষ্টা করলে আমরা তা প্রতিহত করবো।” তিনি জানান, কর্তৃপক্ষ এক মাসের সময় নিয়ে শ্রমিকদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে।
অন্যদিকে, বাগান ব্যবস্থাপক জানান, “ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











