ঢাকা | এপ্রিল ২০, ২০২৬ - ১:৩৪ অপরাহ্ন

শিরোনাম

মৃত বাবুলের ক্ষতিপূরণ ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে মানিকছড়িতে মানববন্ধন

  • আপডেট: Monday, April 20, 2026 - 10:10 am

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে পে-লোডার সরাতে গিয়ে নিহত চালক বাবুল হোসেনের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)-এর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনসাধারণ ও পরিবহন সংশ্লিষ্টরা।

রোববার (১৯ এপ্রিল) সকালে মানিকছড়ি উপজেলা চত্বরে স্থানীয় জনগণ ও বিভিন্ন পরিবহন সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত বাবুল হোসেনের পরিবার, সহকর্মী এবং বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে অভিযানে জব্দ করা একটি পে-লোডার (ভেকু) সরানোর সময় প্রশাসনের নির্দেশে একজন অদক্ষ চালককে দায়িত্ব দেওয়া হয়। এতে দুর্ঘটনা ঘটে এবং গুরুতর আহত হন চালক বাবুল হোসেন (৪৫)। পরে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

তারা দাবি করেন, প্রশাসনের অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে বাবুল হোসেনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এ ঘটনার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করা, নিহতের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর প্রত্যাহারের দাবি জানান বক্তারা। দাবি মানা না হলে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মালিক ও পরিবহন প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন চট্টগ্রামের যুগ্ম সম্পাদক হাচান মাহমুদ, শ্রমিক নেতা মাসুদুজ্জামান, শরিফুল ইসলাম জুয়েল, মানিকছড়ি উপজেলা জীব ও মালিক সমিতির সভাপতি মো. ইউনুস কোম্পানি, ট্রাক চালক সমিতির আবুল হাসেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো এক প্রেসবার্তায় জানানো হয়, গত ১২ এপ্রিল বাটনাতলী ইউনিয়নের খলিপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ব্যবহৃত একটি পে-লোডার জব্দ করা হয়। তবে মূল চালক পালিয়ে যাওয়ায় স্থানীয় দক্ষ চালক বাবুল হোসেনের সহায়তা নেওয়া হয়, যিনি পূর্বেও প্রশাসনকে এ ধরনের কাজে সহায়তা করেছিলেন।

প্রেসবার্তায় আরও বলা হয়, জব্দকৃত যানটি থানায় নিয়ে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন বাবুল হোসেন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আহত হওয়ার পর থেকেই তাঁর চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করা হয়েছে এবং ইতোমধ্যে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। এছাড়া নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

এ ঘটনায় কোনো গুজবে কান না দিয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।