ঢাকা | মার্চ ১৭, ২০২৬ - ৭:৩৬ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে পাহাড় কাটতে গিয়ে বালুচাপায় নিহত ১

  • আপডেট: Tuesday, March 17, 2026 - 4:14 pm

মিরসরাই প্রতিনিধি।।

পাহাড় কেটে বালু সংগ্রহ করতে গিয়ে পাহাড় ধসে মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কেটে বালু সংগ্রহের সময় বালুচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম জামশেদ আলম (৪৩)। নিহত জামশেদ উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার মৃত আলি আকবরের ছেলে।

মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিণ অলিনগরের পাশের এলাকা সাইবেনিখীল ছড়ার কূলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, জামশেদ আলম পেশায় লাইটিং মিস্ত্রি ও বাবুর্চি। মাঝে মাঝে তিনি সাইবেনিখীল ছড়ারকূল এলাকায় লোকজন নিয়ে পাহাড় কেটে বালু সংগ্রহ করে তা বিক্রি করতেন। মঙ্গলবার সকালেও কয়েকজন শ্রমিক সাথে নিয়ে বালু সংগ্রহের কাজে গেলে সকাল ১১টার দিকে পাহাড় ধসে বালুচাপা পড়েন। খবর পেয়ে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাইয়ারহাট পৌরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু হলে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে নিহত জামশেদ আলমের ভাগ্নে ফখরুল ইসলাম বলেন, আমার মামা লাইটিং ও বাবুর্চির কাজের পাশাপাশি মাঝেমাঝে পাশের এলাকায় গিয়ে শ্রমিক নিয়ে পাহাড় থেকে বালু সংগ্রহ করে তা বিক্রি করতেন। মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক নিয়ে বালু সংগ্রহের কাজে গেলে সকাল ১১টায় পাহাড় ধসে বালুচাপা পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে বাইয়ারহাট পৌরবাজারের একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় আমার মামার।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, দক্ষিণ অলিনগরের বাসিন্দা জামশেদ আলম তার পাশের এলাকা সাইবেনিখীলের ছড়ারকূলে পাহাড় কেটে বালু সংগ্রহের সময় পাহাড় ধসে বালুচাপায় মারা যাওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাস্থল ও তার বাড়িতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেব আমরা।