ঢাকা | এপ্রিল ৬, ২০২৬ - ৪:০২ অপরাহ্ন

মালয়েশিয়ায় ৪ গাড়ির সংঘর্ষে বাংলাদেশিসহ দুজন নিহত

  • আপডেট: Monday, April 6, 2026 - 1:17 pm

আন্তর্জাতিক ডেস্ক।। মালয়েশিয়ার কুয়ালালামপুরে তিনটি লরি ও একটি পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে এক বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে ডিউটি-উলু ক্লাং এক্সপ্রেসওয়ের আয়ের পানাস টোলপ্লাজা থেকে আমপাংমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর নিউ স্ট্রেইটস টাইমস।

কুয়ালালামপুর সিটি ট্রাফিক এনফোর্সমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রধান সহকারী কমিশনার জামজুরি মোহাম্মদ ইসা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি লরি হাইওয়ের মাঝখানের লেনে থেমে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পেছনে সজোরে ধাক্কা দেয়। পরে আরেকটি লরি সেখানে দুর্ঘটনাকবলিত গাড়িগুলোকে সহায়তা করার জন্য থামে। পেছন থেকে আসা তৃতীয় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন স্থানীয় মালয়েশিয়ান লরিচালক (৫২) এবং অন্যজন পিকআপ ভ্যানের চালক বাংলাদেশি নাগরিক (৫৩)। দুর্ঘটনার সময় তারা পরিস্থিতি দেখতে নিজ নিজ গাড়ির বাইরে অবস্থান করছিলেন। ধাক্কার ফলে তারা যানবাহনের নিচে চাপা পড়েন এবং মাথা ও শরীরে ব্যাপক আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ ঘটনায় দুজন মালয়েশিয়ান এবং এক বিদেশিসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে নাগরিক রয়েছেন। তাদের উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, সর্বশেষ আসা লরিটির চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় এই ধারাবাহিক সংঘর্ষের ঘটনা ঘটে।