ঢাকা | ফেব্রুয়ারী ২১, ২০২৬ - ২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

মাদক-সন্ত্রাসমুক্ত বাউফল গড়তে ঐক্যের ডাক ড. মাসুদের  

  • আপডেট: Friday, February 20, 2026 - 11:23 pm
মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পটুয়াখালী-২ (বাউফল)-এর নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আমাদের প্রিয় জন্মভূমি বাউফলকে একটি নিরাপদ, সন্ত্রাস ও মাদকমুক্ত এবং শান্তিময় জনপদে পরিণত করতে হলে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নবনির্বাচিত এমপি বলেন, “বাউফল আমার প্রাণ, বাউফলের মানুষ আমার পরিবার। এই জনপদের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে, যাতে সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ গড়ে তোলা যায়। পাড়া-মহল্লায় জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে।
ড. মাসুদ বলেন, “মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। সমাজের প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তিনি বাউফলের উন্নয়ন, শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
অনুষ্ঠানে মাও: ইসহাক মিয়া উপজেলা জামায়াতের আমীর, মাও: মকবুল হোসেন নওমালা ইউনিয়ন আমীর, শিবিরের জোন সভাপতি মুহাঃ জাকারিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত এমপির এই উদ্যোগকে স্বাগত জানান এবং বাউফলকে একটি শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, পটুয়াখালী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা বাউফলকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা ও ঐক্য গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।