ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে গণমিছিল, ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান

  • আপডেট: Monday, February 9, 2026 - 7:28 pm

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ধানের শীষের সমর্থনে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপির উদ্যোগে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি মহালছড়ি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মহালছড়ি বাজার প্রদক্ষিণ করে মহালছড়ি বাসস্ট্যান্ড, মহালছড়ি থানা ও হাসপাতাল এলাকা ঘুরে মহালছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত পথসভা ও সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
গণমিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক ও প্রবীণ সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পুরো কর্মসূচি জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল আউয়াল খান, মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হকসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান নির্বাচনী মাঠে ১১ জন প্রার্থীর মধ্যে ওয়াদুদ ভূঁইয়া একজন পরীক্ষিত, দক্ষ ও জনবান্ধব নেতা। তিনি মাটি ও মানুষের নেতা হিসেবে পাহাড়ি জনগোষ্ঠীর আস্থা অর্জন করেছেন।
তারা আরও বলেন, সংসদ সদস্য থাকাকালে ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ি জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নসহ নানা খাতে তার অবদান আজও সাধারণ মানুষ স্মরণ করে।
বক্তারা পাহাড়ে স্থায়ী শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, এই অঞ্চলের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ওয়াদুদ ভূঁইয়ার কোনো বিকল্প নেই। ধানের শীষে ভোট দিয়ে তাকে পুনরায় বিজয়ী করতে হবে।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।