ঢাকা | এপ্রিল ১২, ২০২৬ - ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম

বিজিবির পক্ষ থেকে পোশাক ও খাদ্য সামগ্রী পেল ৮০ পরিবার

  • আপডেট: Sunday, April 12, 2026 - 7:34 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় উপজাতীয়দের বিজু উৎসব-২০২৬ উপলক্ষে ৮০টি পরিবারের মাঝে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি কর্তৃক দায়িত্বপূর্ণ বাঘাইছড়ি উপজেলার তুলাবন বনবিহার, জীপতলী বনবিহার, জীবঙ্গাছড়া বনবিহার ও মধ্যম বাঘাইছড়ি বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।
উক্ত পরিদর্শনকালীন সময়ে বৌদ্ধ বিহারে উপস্থিত বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মাবলম্বী জনগণের সাথে কুশলাদি বিনিময় করেন। পরবর্তীতে মারিশ্যা জোন কমান্ডার কর্তৃক মারিশ্যা জোনের পক্ষ হতে সর্বমোট ৮০টি পরিবারের মাঝে বিজু উৎসবের পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময়ে জোন কমান্ডার বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষা করা ছাড়াও বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জোন কমান্ডার আরও বলেন, “পাহাড়ি-বাঙালি আমরা সবাই বাংলাদেশি”— এই মূলমন্ত্রকে সামনে রেখে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল ধর্মীয় উৎসব উদযাপন করা একটি সুন্দর সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। সমাজের সকল স্তরের মানুষ মিলেমিশে থাকলে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতি গঠন করা সম্ভব, যা দেশের উন্নয়নে সহায়ক।
উক্ত সময়ে মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, বিজিওএম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।