ঢাকা | ফেব্রুয়ারী ৭, ২০২৬ - ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে শাপলা কলির গণসংযোগ, অংশ নিলেন হাজারো মানুষ

  • আপডেট: Saturday, February 7, 2026 - 7:48 pm

মিনহাজুল ইসলাম।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের প্রচারণা উপলক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছরি উপজেলায় ১১ দলীয় জোটের উদ্যোগে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকায় নির্বাচনী আমেজ দেখা যায়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী এবং সদস্য সচিব প্রকৌশলী লূক চাকমা।
জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী ও শাপলা কলি প্রতীকের প্রার্থী আবু সাইদ আহমেদ সুজা উদ্দিনের নেতৃত্বে আয়োজিত পদযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে। আয়োজকদের তথ্যমতে, প্রায় চার হাজারের বেশি নারী-পুরুষ, তরুণ ও প্রবীণ এতে অংশ নেন।
প্রচারণাকালে অংশগ্রহণকারীরা উন্নয়ন, সুশাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে কর্মসূচিটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন হয়।
এ সময় আবু সাইদ আহমেদ সুজা উদ্দিন বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিবর্তনের প্রত্যাশার বহিঃপ্রকাশ। তিনি জানান, নির্বাচনের আগ পর্যন্ত জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে ধারাবাহিকভাবে গণসংযোগ চালানো হবে।
স্থানীয়দের মতে, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচির মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে।