ঢাকা | ফেব্রুয়ারী ১৮, ২০২৬ - ১০:৫৯ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে নিত্যপণ্যের বাজারে স্বস্তি

  • আপডেট: Wednesday, February 18, 2026 - 7:15 pm

নিজস্ব প্রতিবেদক।।
পবিত্র রমজানকে সামনে রেখে বান্দরবানের নিত্যপণ্যের বাজারে স্বস্তির ছায়া দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। এতে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে।
ক্রেতারা বলছেন, প্রশাসনের নিয়মিত বাজার তদারকি ও মনিটরিংয়ের কারণেই পণ্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে। তবে তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বাজার সিন্ডিকেটকে শক্ত হাতে দমন করা না হলে রমজানজুড়ে মূল্য স্থিতিশীল রাখা কঠিন হতে পারে। প্রশাসন যদি কঠোর অবস্থানে থাকে, তাহলে পুরো রমজান মাসেই নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
এদিকে এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দামে কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা জানান, সরবরাহ ও পাইকারি দামের তারতম্যের কারণে খুচরা বাজারে দাম বেড়েছে।
অন্যদিকে চাল, ডাল, তেলসহ অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল থাকলেও লেবু ও কাচা মরিচের দাম তুলনামূলক বেশি মনে হয়েছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা। তাদের দাবি, মৌসুমি অজুহাতে কিছু ব্যবসায়ী লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন।
সচেতন মহল মনে করছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রাখা জরুরি। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।