ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে চাকমা সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট: Thursday, April 2, 2026 - 8:03 pm

নিজস্ব প্রতিবেদক।।
বান্দরবান পার্বত্য জেলায় চাকমা সমাজের ন্যায্য রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে চাকমা সিভিল সোসাইটি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বান্দরবানের চাকমা সমাজ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হয়ে আসছে। এতে করে জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে।
প্রকৌশলী লুক চাকমা তার বক্তব্যে বলেন, গত প্রায় ৩০ বছর ধরে প্রশাসনিক, রাষ্ট্রীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ পদে চাকমা সমাজের উপস্থিতি ক্রমেই কমে গিয়ে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এর ফলে সমাজটি উন্নয়নের মূলধারায় সক্রিয় ভূমিকা রাখতে পারছে না।
তিনি আরও উল্লেখ করেন, গত প্রায় ২৭ বছর ধরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চাকমা সমাজের কোনো প্রতিনিধিত্ব নেই, যা স্থানীয় জনগোষ্ঠীর ন্যায্য অংশগ্রহণ ও সমতা নিশ্চিতের ক্ষেত্রে গভীর উদ্বেগের বিষয়।
বক্তারা জানান, একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দেশের সকল জনগোষ্ঠীর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই সরকারের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছে।
চাকমা সিভিল সোসাইটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং বান্দরবানে চাকমা সমাজের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী লুক চাকমা, সমাজকর্মী প্রিতি বিকাশ চাকমা, সমাজকর্মী গঙ্গাধন চাকমা, কার্বারী অমর বিজয় চাকমা, শিক্ষক সাধন বিকাশ চাকমাসহ চাকমা সিভিল সোসাইটির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ প্রজন্ম এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।