ঢাকা | মার্চ ৪, ২০২৬ - ১০:২৮ অপরাহ্ন

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পিসিএনপির নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান

  • আপডেট: Wednesday, March 4, 2026 - 7:44 pm

বান্দরবান প্রতিনিধি।।
গত সোমবার (২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বান্দরবান পৌরসভার মধ্যম পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে রেস্তোরাঁসহ সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে স্থানীয় একটি জনপ্রিয় পাহাড়ি খাবারের রেস্তোরাঁ রিখ্যাইং জুস বারসহ সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
বুধবার (৪ মার্চ) আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান, বান্দরবান জেলা পিসিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ নাছির, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল (জালাল), জেলা পিসিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আবছার, পৌর পিসিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। আগুনে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নেন কাজী মোঃ মজিবর রহমান ও পিসিএনপির নেতৃবৃন্দগণ। এরপর ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন পিসিএনপির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
পিসিএনপির চেয়ারম্যান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো নাগরিক পরিষদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে লক্ষ্যে এই তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।