ঢাকা | মার্চ ২, ২০২৬ - ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবান শহরে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি

  • আপডেট: Monday, March 2, 2026 - 8:57 am

মিনহাজুল ইসলাম।।

বান্দরবান সদর উপজেলার শহরস্থ মধ্যমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রেস্টুরেন্ট ও দুটি টিনসেট বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। সোমবার (০২ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে মধ্যমপাড়ার রিখিয়াং রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে রেস্টুরেন্টটির পাশাপাশি জনৈক হ্ণা থোয়াই মং-এর মালিকানাধীন দুটি টিনসেট বসতবাড়ি সম্পূর্ণরূপে পুড়ে যায়। এছাড়া পাশের আরও দুটি ভবনের আংশিক ক্ষতি হয়েছে।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৬টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর আগে সকাল ৬টা ১৩ মিনিটে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে এতে আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়ভাবে জানানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।