বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ পথে আসা অকটেন জব্দ
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে কচুছড়ি নামক এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারত হতে অবৈধ পথে নিয়ে আসা জ্বালানি তেল অকটেন আটক করে ২৭ বিজিবি।
বিজিবি জানায়, ০১ এপ্রিল ২০২৬ তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঝিপাড়া সীমান্ত সড়ক হয়ে মারিশ্যাগামী মোটরসাইকেলযোগে ভারত হতে বাংলাদেশে চোরাচালানের উদ্দেশ্যে জ্বালানি তেল (অকটেন) বহন করা হচ্ছে।
উক্ত তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধীনস্থ কচুছড়ি বিজিবি ক্যাম্পের আওতাধীন কচুছড়ি চেকপোস্ট কমান্ডার নায়েক মোঃ মাহফুজুর রহমান কর্তৃক চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। যার প্রেক্ষিতে বহনকারী মোটরসাইকেলকে সংকেত দিলে উল্টো দিকে ঘুরিয়ে পালিয়ে যায় এবং একটি প্লাস্টিক পড়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বস্তার ভিতরে ০১টি জারিকেন ও ৩০টি প্লাস্টিকের বোতলে ৫০ লিটার জ্বালানি তেল (অকটেন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত অকটেনের সিজার মূল্য ৬,০৫০.০০ (ছয় হাজার পঞ্চাশ) টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারীদের বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানি তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।











