ঢাকা | মার্চ ২৬, ২০২৬ - ৭:১৭ অপরাহ্ন

শিরোনাম

বরকলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • আপডেট: Thursday, March 26, 2026 - 3:28 pm

বরকল প্রতিনিধি।

‎যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটির বরকলে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ‘বরকল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বরকলের সর্বস্তরের জনগণ।

‎বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথেই জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।

‎বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া উপজেলার বিভাগীয় কর্মকর্তাদের সাথে নিয়ে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎এরপর বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য বিভাগ, বরকল উপজেলা প্রেসক্লাব, বরকল উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, পাহাড়ি ছাত্র পরিষদ, বরকল রাগীব রাবেয়া কলেজ, বরকল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ বেদি সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

‎সকাল ৮টায় বরকল উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পুলিশ, ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ স্কাউট ও গার্লস গাইডের অংশগ্রহণে এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল।

‎অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া এবং থানার ওসি মো. রফিকুল ইসলাম কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। এ সময় ইউএনও তার বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

‎অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

‎অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।