বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত, আহত ৪
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাকের ধাক্কায় রান্টু মিয়া (২৮) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের সরকারের ঢালান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রান্টু মিয়া উপজেলার গড়মাটি গ্রামের তফেজউদ্দিন ঝড়ুর ছেলে। তিনি ব্যাটারিচালিত ইজিবাইকের চালক ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে রান্টু মিয়া চারজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে রাজাপুর থেকে গড়মাটি বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে সরকারের ঢালান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক রান্টু মিয়ার মৃত্যু হয় এবং চারজন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এছাড়া আহত আরও দুইজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।










