ফ্যামিলি কার্ড ও কর্মসংস্থানের মাধ্যমে নারী-পুরুষকে স্বাবলম্বী করা হবে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ
চট্টগ্রাম প্রতিনিধি।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সেহরি সামগ্রী বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ-এর উদ্যোগে মধ্যম শুলকবহর ওয়ার্ডের চৌধুরী বাড়ি এলাকায় এ সেহরি সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, সাধারণ মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ আমাদের দলের নিয়মিত সামাজিক কার্যক্রমের একটি অংশ। অতীতের দুঃসময়েও আমরা মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব।
তিনি আরও বলেন, “দেশের সাধারণ মানুষ সব সময় বিএনপির পাশে ছিল। জনগণের ভোটে নিরপেক্ষভাবে বিজয়ী হয়ে আমরা মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। তাই মানুষের প্রয়োজন ও প্রত্যাশা উপলব্ধি করে সবসময় তাদের পাশে থাকতে চাই। আজকের এই আয়োজনে হয়তো সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, তবে ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা থাকবে।”
সমাজের নৈতিক অবক্ষয়ের সমালোচনা করে তিনি বলেন, সমাজে কিছু বিবেকবর্জিত মানুষ আছে, যারা নিজেদের মা-বোনের সম্মান ও অধিকার হরণ করে। আবার অনেকেই উচ্চশিক্ষা অর্জন করেও মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়—এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয়। প্রকৃত শিক্ষা তখনই অর্জিত হয়, যখন মানুষ মানুষের পাশে দাঁড়ায় এবং মানবিক মূল্যবোধ ধারণ করে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড চালু ও নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের নারীদের স্বাবলম্বী করা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
৮নং শুলকবহর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এইচ. এম. আজাদ-এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, মহানগর মহিলা দলের সাবেক সহ-সভাপতি রাহেলা জামান, পাঁচলাইশ থানা মহিলা দলের সভাপতি সাইমা হক, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশ, ৮নং শুলকবহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মেহেদীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











