ঢাকা | এপ্রিল ১১, ২০২৬ - ৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম

ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না: শিক্ষামন্ত্রী 

  • আপডেট: Saturday, April 11, 2026 - 3:55 pm

রামেক সংবাদদাতা।। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পাবলিক পরীক্ষায় ফেল করা কোনো শিক্ষার্থীকে দুইবারের বেশি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সামনে রেখে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে মতবিনিময়ে এ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, একজন শিক্ষার্থী একবার, দুইবার, এমনকি তিন বা চারবার পর্যন্ত ফেল করলেও বারবার তাকে পড়ানো, রেজিস্ট্রেশন করা এবং পরীক্ষার সুযোগ দেওয়া বর্তমান ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।

তিনি আরও বলেন, ফেল করা শিক্ষার্থীদের বারবার সুযোগ দিয়ে পাস করানো কি আমাদের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে নাকি আমরা সামনের দিকে এগিয়ে যাব

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে বহু ধরনের (প্রায় ৫৬ ধরনের) প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের পাস করানোর ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু এতে করে সামগ্রিক শিক্ষার মানোন্নয়ন ব্যাহত হচ্ছে কিনা, সে বিষয়েও ভাবতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, শুধু ফেল করা শিক্ষার্থীদের পাশ করানোর দিকে মনোযোগ না দিয়ে শিক্ষাব্যবস্থাকে সামগ্রিকভাবে এগিয়ে নেওয়ার দিকে গুরুত্ব দিতে হবে।