ফুল বিষুতে কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ফুল ভাসাল তনচংগ্যা সম্প্রদায়
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা মৌজায় বসবাসরত তনচংগ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ তাদের ঐতিহ্যবাহী বিষু উৎসবের প্রথমদিন ‘ফুল বিষু’ উপলক্ষে কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে উৎসব উদযাপন করেছেন। শনিবার (১২ এপ্রিল) সকালে কাপ্তাইয়ের কর্ণফুলী স্টেডিয়াম সংলগ্ন নদীতে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এ সময় তনচংগ্যা সম্প্রদায়ের অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরোনো বছরের দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, ওসি (তদন্ত) আমীর সোহেল, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক নির্মল চন্দ্র তনচংগ্যা, বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা, বিষু উদযাপন কমিটির সদস্য সচিব রূপময় তনচংগ্যা, সংগঠনের অর্থ সম্পাদক তাপস তনচংগ্যা, স্বপন তনচংগ্যা, দয়ারাম তনচংগ্যা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সম্প্রদায়ের সদস্যরা।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, ফুল বিষু উৎসবের মাধ্যমে তনচংগ্যা সম্প্রদায় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নতুন বছরের জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করে। কর্ণফুলী নদীতে ফুল ভাসানো এই উৎসব তাদের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ।
প্রসঙ্গত, বিষু উৎসব তনচংগ্যা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব, যা তিন দিনব্যাপী উদযাপিত হয়। এর প্রথম দিন ‘ফুল বিষু’, যা বসন্তের শেষ প্রান্তে বাংলা চৈত্র মাসের ২৯ তারিখে পালিত হয়। এদিন ভোরে ঘুম থেকে উঠে বিভিন্ন রঙের ফুল সংগ্রহ করে নদীতে ভাসানো হয়, যা পুরোনো বছরের ক্লান্তি ঝেড়ে ফেলে নতুন বছরের শুভ সূচনার প্রতীক হিসেবে বিবেচিত।











