ঢাকা | জুন ১৮, ২০২৬ - ৭:১০ অপরাহ্ন

শিরোনাম

পুশ ইন ঠেকাতে দুর্গম পাহাড়ে বিজিবির জনসচেতনতামূলক সভা

  • আপডেট: Thursday, June 18, 2026 - 4:46 pm

বরকল প্রতিনিধি:

রাঙামাটির বরকল উপজেলার সীমান্তঘেঁষা দুর্গম পাহাড়ি এলাকার বড় হরিনা ইউনিয়নের মরা থেগা এলাকা ও এরাবুনিয়া বাজারে অবৈধ পুশ ইন, মাদক নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভার আয়োজন করেছে ১২ বিজিবির ছোট হরিণা জোন।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ১০টায় ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় মরা থেগা ও এরাবুনিয়া বিজিবি ক্যাম্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ক্যাম্প কমান্ডারের সভাপতিত্বে আয়োজিত সভায় স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় সীমান্ত এলাকায় অবৈধ পুশ ইন প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুজব, বিভ্রান্তি ও সহিংসতা থেকে দূরে থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়।

এ সময় মাদক সেবনের শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এলাকায় কোনো অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাচল পরিলক্ষিত হলে দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য স্থানীয়দের নির্দেশনা দেওয়া হয়।

সভায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে এলাকায় যেন কোনো ধরনের চাঁদাবাজি না ঘটে সে বিষয়েও আলোচনা করা হয়।

এ ছাড়া নারী ও শিশু পাচার প্রতিরোধে বিজিবিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং পাচারের সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়। সভায় দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করা হয়।