ঢাকা | এপ্রিল ১২, ২০২৬ - ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম

পাহাড়ে নারী-শিশুর অধিকার নিশ্চিতের অঙ্গীকারে নারী আসনে মনোনয়ন নিলেন মিনারা বেগম

  • আপডেট: Sunday, April 12, 2026 - 7:34 pm

রাঙ্গামাটি প্রতিনিধি।।
পাহাড়ে নারী-শিশুর অধিকার নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিয়েছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিনারা বেগম। তিনি বলেছেন, আমি প্রথমেই পার্বত্য অঞ্চলের নারীদের স্বাধীনভাবে চলাফেরা, শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিত করতে চাই।
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে অংশ নিতে রোববার (১২ এপ্রিল) ঢাকাস্থ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন তিনি।
মিনারা বেগম বলেন, পার্বত্য অঞ্চলের নারীরা এখনো শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে রয়েছে। নারীরা পরিবারকে আগে গুরুত্ব দিয়ে নিজেরা কম খায়, ফলে তারা অল্প বয়সেই স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। এই বাস্তবতা পরিবর্তন জরুরি বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, সমাজে ধনী-গরিব বৈষম্যের কারণে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে চিকিৎসা খাতে বৈষম্যের কথা তুলে ধরে বলেন, সাধারণ মানুষ হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত সেবা পায় না; এই পরিস্থিতি বদলাতে হবে।
নিজের রাজনৈতিক পথচলার কথা উল্লেখ করে মিনারা বেগম বলেন, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি দীর্ঘ সময় তৃণমূল পর্যায়ে কাজ করেছেন। দলের দুর্দিনে ১৭ বছর নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, নিজস্ব অর্থায়নে সহযোগিতা করেছেন এবং প্রত্যন্ত এলাকায় গিয়ে নারীদের সংগঠিত করেছেন।
পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমি চাই সবাই সমানভাবে উন্নয়নের অংশীদার হোক। নারী-পুরুষ একে অপরের পরিপূরক; সমন্বিত প্রচেষ্টায়ই একটি সুন্দর সমাজ গড়ে উঠবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, দল তাকে মনোনয়ন দিলে জাতীয় সংসদে রাঙ্গামাটির মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরবেন এবং বিশেষ করে নারী-শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।