ঢাকা | মার্চ ২, ২০২৬ - ৮:২৩ অপরাহ্ন

শিরোনাম

পাহাড়ি জনপদে মানবিক উদ্যোগ: দীঘিনালায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা

  • আপডেট: Monday, March 2, 2026 - 5:41 pm

মো. আল আমিন, দীঘিনালা।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বানছড়া–নোয়াপাড়ায় দীঘিনালা জোন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে। এ চিকিৎসাসেবার আওতায় চার শতাধিক পাহাড়ি ও অসহায় মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
সোমবার (২ মার্চ) আয়োজিত এ কার্যক্রম স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন এসইউপি, পিএসসি’র নির্দেশনায় এবং জোনের আরএমও মোহাম্মদ শায়খউদ্দীন সাকলাইনের উপস্থিতিতে মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করে। সাধারণ জ্বর-সর্দি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, শিশু ও নারীস্বাস্থ্যসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত মানুষ চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান-কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা। তারা সেনাবাহিনীর এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত কঠিন। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হিসেবে এসেছে।
জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন বলেন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি দীঘিনালা জোন নিয়মিত জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে চিকিৎসা, শিক্ষা ও মানবিক সহায়তামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।