ঢাকা | এপ্রিল ৮, ২০২৬ - ৪:২৪ অপরাহ্ন

শিরোনাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক, অবস্থা আশঙ্কাজনক

  • আপডেট: Monday, April 6, 2026 - 2:15 pm

জেলা প্রতিনিধি, লালমনিরহাট।। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। আহতের নাম মিজানুর রহমান (২৫)। তিনি মফিজুল ইসলামের ছেলে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার গাডিয়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, মিজানুর রহমান ভুট্টাখেতে গরুর খাবারের জন্য ঘাস কাটতে গেলে ভারতের মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় গুলি মিজানের শরীরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তবে এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।