ঢাকা | ফেব্রুয়ারী ১৮, ২০২৬ - ১০:৫৯ অপরাহ্ন

শিরোনাম

পবিত্র রমজানে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে ১২ বিজিবি

  • আপডেট: Wednesday, February 18, 2026 - 7:16 pm

বরকল (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির বরকলে পবিত্র রমজান উপলক্ষে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) জোন। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বরকল উপজেলার ভুষণছড়া এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়নের ফারুক-ই-আযম (রা.) হেফজ ও এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ এবং ফারুক-ই-আযম (রাঃ) দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের বসার জন্য ২০টি বেঞ্চ প্রদান করা হয়।
জানা গেছে, মাদ্রাসাটিতে শিক্ষার্থীর তুলনায় বসার ব্যবস্থা অপ্রতুল ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে ১২ বিজিবি জোন দুটি প্রতিষ্ঠানের এতিম ও শিক্ষার্থীদের জন্য মোট ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করে।
সকাল ১০টায় ফারুক-ই-আযম (রাঃ) দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী তুলে দেন। এ সময় তিনি এতিমদের খোঁজখবর নেন এবং স্নেহভরে তাদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ছোটহরিণার মতো দুর্গম পার্বত্য এলাকায় নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বিজিবি এগিয়ে আসছে। ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের এতিম ও সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।