ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

নৌপথে বন্যার্তদের কাছে পৌঁছাল প্রশাসন, আশ্রয়কেন্দ্রে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট: Friday, July 10, 2026 - 12:09 am

মো. আল আমিন, দীঘিনালা

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় প্রশাসনের কর্মকর্তারা নৌপথে আশ্রয়কেন্দ্রে পৌঁছে পানিবন্দি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকায় নৌপথে মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পৌঁছান। সেখানে আশ্রয় নেওয়া পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, “বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”