ঢাকা | ফেব্রুয়ারী ১, ২০২৬ - ১১:৫৩ পূর্বাহ্ন

নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করে, ঘাতক ছেলে আটক

  • আপডেট: Sunday, February 1, 2026 - 6:57 am

রাজশাহী প্রতিনিধি।। রাজশাহীর খড়খড়ি এলাকায় নেশার টাকা না পেয়ে সোহাগী খাতুন (৪৫) নামে এক নারীকে নিজ ছেলের হাতে প্রাণ দিতে হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পুরাতন কৃষি ব্যাংক মোড় এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘাতক ছেলে সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। নিহত সোহাগী খাতুন ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুমন দীর্ঘদিনের মাদকাসক্ত। শনিবার রাতে সে তার মা সোহাগী খাতুনের কাছে নেশার টাকার জন্য চাপ সৃষ্টি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে সুমন উত্তেজিত হয়ে ঘর থেকে ধারালো হাসুয়া নিয়ে আসে। এরপর মায়ের বুক ও পেটে উপর্যুপরি কোপাতে থাকে। হাসুয়ার আঘাতে ঘটনাস্থলেই সোহাগী খাতুন মারা যান।

 

হত্যাকাণ্ডের পর সুমন তার মায়ের নিথর দেহ টেনে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে আত্মগোপন করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সুমনের ঘর ঘেরাও করে তাকে আটক করে। খবর পেয়ে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক সুমনকে হেফাজতে নেয়।

‎‎নগরীর চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।